দিনাজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে মোটর পরিবহন মালিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ফলপ্রসূ আলোচনা শেষে তিন দিন পর আজ রোববার দুপুরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাস মালিক সমিতি।

গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষের জেরে এ ধর্মঘট ডাকেন দিনাজপুরের মোটর পরিবহন মালিকেরা। এর জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়। পরের দিন থেকে বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকে। এতে সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ে।

জেলা প্রশাসন মিলনায়তনে আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত আলোচনার পর বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সফিউল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে একটি কমিটি গঠিত হয়েছে।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, সামান্য ঘটনায় সহিংসতা দুঃখজনক।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ঘটনার পর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি এবং নাগরিক দুর্ভোগ দ্রুত লাঘবে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। শান্তিপূর্ণভাবে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল এলাকায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে তৃপ্তি পরিবহনের বাসের ঘষা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত।