দিনাজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
দিনাজপুরের সকল সড়কে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বাসমালিক ও শ্রমিকেরা ধর্মঘট স্থগিত ঘোষণা করেন। দিনাজপুর মোটরমালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, দিনাজপুরের দুটি সড়কে বিআরটিসির তিনটি এসি বাসসহ পাঁচটি বাস বন্ধের দাবিতে বাসমালিকদের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত বাস ধর্মঘট চলে।ধর্মঘট প্রত্যাহারের জন্য দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিমের উদ্যোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর সার্কিট হাউসে বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে জনগণের স্বার্থ রক্ষা এবং বাসমালিক ও শ্রমিকদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়।সাংসদ ইকবালুর রহিম এবং ভবানী শংকর আগরওয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।