দিনাজপুরে বিএনপির প্রার্থীদের প্রচারণায় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
কোতোয়ালি থানা বিএনপি ওই সংবাদ সম্মেলন করে। শহরের গণেশতলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ওই কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
তিনি বলেন, ২৮ মে উপজেলার ১০টি ইউপিতে ভোট হবে। গত নির্বাচনে দশ ইউপির আটটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হন। এ বছর তার চেয়েও ভালো ফলাফল প্রত্যাশা করছে বিএনপি। কর্মীরাও সেভাবেই কাজ করছেন। কিন্তু চেহেলগাজীতে বিএনপির নেতা-কর্মীদের প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। নারী কর্মীদের প্রচারপত্র কেড়ে নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সুন্দরবন, ফাজিলপুর, শেখপুরাসহ প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রচারকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এভাবে হয়রানির মাধ্যমে তাঁদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার হুমকি দেওয়া হচ্ছে। এরপরও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
সংবাদ সম্মেলনে ১০ ইউপির চেয়ারম্যান প্রার্থী ছাড়াও জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ রেজিনা ইসলাম, সহসভাপতি মাহবুব আহমেদ, মো. সোলায়মান মোল্লা ও মোকাররম হোসেন, মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক মকশেদ আলী মঙ্গলিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামানসহ জেলা ও কোতোয়ালি থানা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বিকেলে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নির্বাচন নিয়ে অভিযোগ ওঠে এমন কোনো কাজ না করার নির্দেশ দেওয়া আছে। এ ছাড়া গত ইউপি নির্বাচনে এখানে আওয়ামী লীগের সাংসদ থাকা সত্ত্বেও বিএনপি-সমর্থিত আট প্রার্থী জয়ী হন।’