বিশ্ব কবিতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের লেখক-কবি-সাহিত্যিকেরা শহরে একটি শোভাযাত্রা বের করেন। দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে উচ্ছ্বাস নামে চার পাতার একটি ‘ভাজপত্র’ প্রকাশ করা হয়। স্থানীয় তরুণ কবি-লেখকদের সংগঠন ‘মাটির কাঁসা’ এটি প্রকাশ করেছে।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী চত্বরে বিশ্ব কবিতা দিবসের আলোচনা সভা ও কবিতা পাঠের আসর বসে। লেখক ও নাট্যকার শাহজাহান শাহের সভাপতিত্বে এতে লেখক ড. মাসুদুল হক, অধ্যাপক জলিল আহমেদ, কবি মাসুদ মুস্তাফিজ, শাহবাজ আলী খান, আমজাদ হোসেন, বাসুদেব শীলসহ অন্য কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। লেখক মাসুদুল হক প্রথম আলোকে বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং বিকাশে দিনাজপুরের স্থানীয় কবি-সাহিত্যিকদের উদ্যোগে পাঁচ বছর ধরে ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস হিসেবে পালিত হচ্ছে। কবিতা লেখা ও সাহিত্যচর্চায় তরুণদের মধ্যে উৎসাহ বাড়ছে বলে তিনি জানান।