দিনাজপুরে বোরো বীজের দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বোরো বীজের বাজার দখল করে আছেন বেসরকারি বীজ বিক্রেতারা। গুণে-মানে ভালো হলেও চাহিদার তুলনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজের সরবরাহ মাত্র ১৭ শতাংশ। কৃষকদের অভিযোগ, বেসরকারি ও খুচরা বীজ বিক্রেতারা কৃষকদের কাছ থেকে ইচ্ছেমতো দাম আদায় করছেন।দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় এক লাখ ৮১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে বোরো রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৪৭ হাজার ৮৪ হেক্টরে এবং বাকি এক লাখ ৩৪ হাজার ৪৬১ হেক্টর জমিতে উফশী জাতের। হিসাবমতে, ৭০৬ মেট্রিক টন হাইব্রিড এবং চার হাজার ৩৪ মেট্রিক টন উফশী বীজ দরকার।দিনাজপুর বিএডিসি বীজ বিপণন বিভাগের উপপরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, তাঁর অধীনে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জন্য সরকারিভাবে মাত্র এক হাজার ৬৬৮ মেট্রিক টন বোরো বীজ সরবরাহ করা হয়েছে, যা চাহিদার মাত্র ১৭ শতাংশ। অর্থাৎ চাহিদার ৮০ থেকে ৮৩ শতাংশ বীজ জোগান দেয় কৃষক এবং বেসরকারি কোম্পানিগুলো। তিনি জানান, বিএডিসির মাধ্যমে সরকার দুই ধরনের বীজ ডিলারদের মাধ্যমে সরবরাহ করছে। একটি ‘মান ঘোষিত’ অন্যটি ‘ভিত্তি বীজ’। উচ্চফলনশীল বিভিন্ন জাতের মান ঘোষিত ১০ কেজি বীজের প্রতিটি ব্যাগের দাম ৩৩০ টাকা এবং ভিত্তি বীজ প্রতি ব্যাগ ৩৫০ টাকা দামে বিক্রির নির্দেশ রয়েছে।গত সোমবার দিনাজপুর শহরের স্টেশন রোডে পপুলার বীজ ভান্ডার, আল-মদিনা সিড স্টোর, সবুজ বীজ ভান্ডার, পুলহাট এলাকার সরকার কৃষি ঘরসহ বিভিন্ন খুচরা বোরো বীজ বিক্রেতার দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বিএডিসির বিআর-২৮ মান ঘোষিত বীজের ১০ কেজি ওজনের প্যাকেট ৪০০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের নিজেদের তৈরি প্রমিস সিড, আলমগীর সিড, মাইশা সিড, ম্যাকডোনাল্ড সিডসহ বিভিন্ন কোম্পানির বোরো বীজের ১০ কেজি ওজনের প্যাকেট ৪৫০-৫২০ টাকায় বিক্রি হচ্ছে।পপুলার বীজ ভান্ডারের মালিক জয়দেব গোস্বামী বলেন, দিনাজপুরে বিএডিসি যে বোরো বীজ তৈরি করে, সারা দেশে তার সুনাম ও চাহিদা বেশি। এ কারণে দিনাজপুরে উৎপাদিত বীজের বেশির ভাগ বিভিন্ন জেলায় পাঠানো হয়। তিনি জানান, অনেক বীজ বিক্রেতা নিজেদের ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বিএডিসির বীজের চেয়ে শতকরা ৪০ ভাগ বেশি দামে বিক্রি করছেন।পুলহাট এলাকার আবদুর রশিদ সরকার জানান, তিনি সরকারি বীজ ডিলার। যে বরাদ্দ তিনি পেয়েছিলেন সব বিক্রি হয়ে গেছে। বর্তমানে তিনি নিজের ব্র্যান্ড ‘সরকার বীজ’-এর বিআর-১৬, ব্রি-২৮, ২৯ ও ৫০ জাতের বীজের প্যাকেট ৫০০ টাকা দরে বিক্রি করছেন।এদিকে বেসরকারি বীজ কোম্পানিগুলোর গুণগত মান ও দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা। দিনাজপুর সদর উপজেলার বলদিয়াপুকুর গ্রামের কৃষক মো. হাফিজ উদ্দিন, সৈয়দপুরের নজরুল ইসলাম, আনোয়ার আলী, আবদুল মোতালেবসহ অবস্থাপন্ন বোরো চাষিরা অভিযোগ করেন, গত বছর ১০ কেজি ওজনের এক বস্তা বোরো বীজ ৩৫০ টাকার বেশি দিয়ে কিনতে হয়নি। কিন্তু এবার ৫০০ টাকার কমে পাওয়া যায় না। ডিলারদের কাছে গিয়ে সরকারি বীজ না পেয়ে কৃষকেরা বাধ্য হয়ে চড়া দামে বেসরকারি বীজ কিনছেন। এসব বীজ কিনে প্রতারিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকেরা।দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বলেন, বোরো বীজ সরবরাহে সব ধরনের অনিয়ম বন্ধে বিএডিসির সংশ্লিষ্ট বিভাগ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বোরো বীজ নিয়ে কৃষকদের সঙ্গে যেকোনো ধরনের প্রতারণা কঠোর হাতে দমন করা হবে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।