টানা হরতাল ও অবরোধের কারণে দিনাজপুরে ব্যবসায়ী ও সবজিচাষিরা বিপাকে পড়েছেন। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। হোটেল-রেস্তোরাঁগুলোতে ক্রেতা নেই। রড-সিমেন্ট ও হার্ডওয়ারের দোকানগুলোতে মালামাল নেই। তেলের পাম্পে তেল নেই। রাস্তায় বের হতে না পারায় রিকশা-ইজিবাইকচালকদের পরিবারগুলো কষ্টে দিন যাপন করছে। এ ছাড়া সবজিচাষিরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
গতকাল শহরের স্টেশন রোডে নিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, শ খানেক চেয়ারের মধ্যে ১২টি ছাড়া সবগুলো খালি। মালিক বোরহানুল গণি জানান, দীর্ঘদিন ধরে এ মন্দা চলছে। ৬৫ জন কর্মচারীর প্রতিদিনের বেতন ১০ হাজার টাকা। সঙ্গে তিনবেলা খাওয়া। বিদ্যুৎ ও জ্বালানি খরচ হচ্ছে। রেস্টুরেন্টে প্রতিদিন গড়ে যেখানে ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি হতো, বর্তমানে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। গত ছয় মাসে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
একই দৃশ্য চোখে পড়েছে শহরের হাসপাতাল মোড়ে দিলশাদ মিষ্টান্ন ভান্ডারে। মালিক বেলাল উদ্দিন শিকদার জানান, প্রতিদিন ২৫ হাজার টাকা ক্ষতি হচ্ছে। কর্মীদের ছাঁটাই করা যাচ্ছে না। ছাঁটাই করলে বিশ্বাসী কর্মীদের পরে পাওয়া যাবে না। অভিজাত মিষ্টির দোকান সানন্দা সুইটসের মালিক সত্য ঘোষ জানান, হরতাল ও অবরোধে বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে। শহরের পাইকারি রড-সিমেন্ট বিক্রেতা মেসার্স আতাউর ট্রেডার্সের মালিক আবদুল মজিদ বলেন, গত এক মাসে চিটাগাং থেকে কোনো মাল আসেনি। দোকান, গুদাম সব খালি। বেচাকেনা নেই। বসে বসে ব্যাংকের সুদ গুনতে হচ্ছে।
দিনাজপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, হরতাল-অবরোধ উপজেলা ও গ্রামে বেশি হচ্ছে। গ্রামাঞ্চল সার ও জ্বালানিশূন্য হয়ে পড়েছে।
জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, পরিবহন ব্যবসায় ধস নেমেছে। গাড়ি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। মাইক্রোবাসের মালিক ও চালক ভবেশ রায় বলেন, ‘দিনের পর দিন, মাসের পর মাস গাড়ি রাস্তায় বের করা যাচ্ছে না। কামাই নাই। হাজার হাজার টাকা লস।’
ইজিবাইকের চালক মতিয়ার রহমান বলেন, ‘অবরোধ ও হরতালে পরিবারের ব্যয় তো দূরের কথা, ছয় মাস ধরে মালিকের জমার টাকা কামাই হয় নাই।’
গতকাল সকালে শহরের সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি পাল্লা ৫০ টাকা মূল্যের মুলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। ১০০ টাকা পাল্লার বেগুন ৫০ টাকা, ১৭০ টাকার শিম ৯০ টাকা, ১০০ টাকা মূল্যের ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা, ১৫০ টাকা পাল্লার নতুন আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে গাড়ি বন্ধ থাকায় ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে পাইকারি বিক্রেতারা জানান। সদর উপজেলার চেরাডাঙ্গী, ঘুঘুডাঙ্গা, সহব্বতপুর, পাইকপাড়া, উলিপুরসহ এলাকার সবজিচাষিরা জানান, বর্তমানে শীতকালীন সবজির ভরা মৌসুম। কিন্তু তাঁরা সবজি বাজারে নিতে পারছেন না।
পথে পথে বাধা দিচ্ছেন অবরোধকারীরা। এর পরও বাজারে এনে দেখা যাচ্ছে সবজির দাম অনেক কম। সবজি বাইরের জেলায় যেতে পারছে না। দাম না পাওয়ায় আলু, বেগুন, টমেটোসহ সব সবজিচাষির মাথায় হাত পড়েছে।
ঘুঘুডাঙ্গা গ্রামের সবজিচাষি ফয়জার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার আর বিরোধী দল যুদি হামার ভালোর তনে রাজনীতি করেছে, তাহিলে হরতাল আর অবরোধের কারণে সবজি বেচি হারা যে মরি যাছি, ওরা বুঝে না কেনে?’