দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু
দিনাজপুরের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন আজ বুধবার দুপুরে এবং গতকাল মঙ্গলবার রাতে আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মাজেদুল (৪৫) ও এনামুল (৪৫)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫।
হাসপাতালে চিকিৎসাধীন এখনো চারজন চিকিৎসাধীন রয়েছেন। এঁরা হলেন সাইদুল (৪০), বীরেন্দ্র (৫০), বাদল (৪৫), আনিসুল (৪৫)। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দিনাজপুরের শহরের নারীগঞ্জ এলাকায় সুবল ঘোষের যমুনা অটো রাইস মিলে ১৯ এপ্রিল বেলা ১১টায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বাদল ইসলামের (৪৫) অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁর শরীরের অর্ধেক ঝলসে গেছে।
আজ বুধবার সরেজমিনে হাসপাতালের বার্ন ইউনিটে দেখা গেল, দগ্ধ বাদল ইসলাম বিছানায় শুয়ে আছেন। বাদলের শয্যা পাশে সেবা করতে এখনো ব্যস্ত স্ত্রী রোকসানা বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘এখন আর কী বলি। তিন ছেলেকে নিয়ে কীভাবে যে জীবন কাটব জানি না।’ তিনি আরও বলেন, ছেলে রুমন ইসলামের কেউ যদি একটা চাকরি দেয়, তাহলে উপকার হতো। এ ছাড়া মালিকপক্ষের কাছে তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।