দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরে একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত ও অন্তত ১৯ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে শহরের রানীগঞ্জ এলাকায় যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিনা (৪০) ও মোকছেদ আলী (৪৮) নামের দুই শ্রমিক মারা গেছেন। তাঁদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অগ্নিদগ্ধ আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় হাসপাতালে মোট ১৭ জন অগ্নিদগ্ধ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী শ্রমিক রতন রায় বলেন, বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন শ্রমিক রাইস মিলের বাইরে নাশতা করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা আহত ব্যক্তিদের দিনাজপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করেন।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ট্রাকচালকের সহকারী রিপন বলেন, চালের বস্তা ওঠাতে তিনি ট্রাকের ওপর উঠেছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর সবকিছু অন্ধকার হয়ে গেলে তিনি আর কিছু মনে করতে পারেননি। এ ঘটনায় রিপনের চাচা ট্রাকচালক সুমন হোসেনও অগ্নিদগ্ধ হয়েছেন।
বয়লার বিস্ফোরণের ঘটনায় যমুনা অটো রাইস মিলের মালিক সুবল ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।