দিনাজপুরে ভর্তুকির সার বিতরণে দুর্নীতি-অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বিএডিসির সদর সারগুদাম থেকে সরকারি ভর্তুকির সার বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিএডিসির সার বিতরণ বিভাগের যুগ্ম পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষকদের সারের চাহিদা নিরূপণ করে কৃষি সম্প্রসারণ অধিপ্তর। জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের সার মনিটরিং কমিটি প্রতিটি উপজেলায় ডিলারদের জন্য বরাদ্দ নির্ধারণ করে। আর ডিলাররা বরাদ্দের ইউরিয়া সার বাফার গুদাম থেকে ও নন ইউরিয়া সার বিএডিসির গুদাম থেকে উত্তোলন করেন। নিয়ম অনুযায়ী নির্ধারিত বরাদ্দের বেশি বা এক ডিলারের নামে বরাদ্দ করা সার অন্য ডিলার তুলতে পারেন না।খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুরে বিএডিসির সার বিতরণকারী কর্মকর্তারা সরকারি নিয়মনীতির তোয়াক্কা করেননি। একজন ডিলারের নামে বরাদ্দ করা সার অন্য ডিলার গুদাম থেকে তুলে নিয়েছেন। এমনকি ঠাকুরগাঁও জেলার ডিলার দিনাজপুরের ডিলারের নামে বরাদ্দের সার নিয়ে গেছেন। গত জানুয়ারিতে বীরগঞ্জ উপজেলার ডিলার মেসার্স তানজিন ট্রেডার্স ২০ টন নন ইউরিয়া সার বরাদ্দ পান। ডিলারের লোকজন যথাসময়ে ওই সার উত্তোলন করে। কিন্তু তার পরও গত ১ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানের নামে দিনাজপুর বিএডিসির গুদাম থেকে অতিরিক্ত ১০ টন এমওপি সার বিক্রি করা হয়। হাকিমপুর উপজেলার ডিলার মেসার্স কালাম ট্রেডিংয়ের অনুকূলে গত জানুয়ারিতে বরাদ্দ করা সার প্রতিষ্ঠানটি তোলেনি। গত ১ ফেব্রুয়ারি সদর উপজেলার মো. আলী নামের এক ডিলার কালাম ট্রেডিংয়ের বরাদ্দের নয় টন টিএসপি ও পাঁচ টন এমওপি সার তুলে নেন। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাটের মেসার্স ঐশী বীজভান্ডারের অনুকূলে কোনো বরাদ্দ না থাকলেও গত ২৬ জানুয়ারি ওই প্রতিষ্ঠানের পক্ষে দিনাজপুর বিএডিসির গুদাম থেকে সরকারি ভর্তুকির ১০ টন এমওপি সার তুলে নেওয়া হয়েছে।দিনাজপুর বিএডিসির একটি সূত্রের দাবি, সরকারি ভর্তুকির কমপক্ষে এক হাজার টন নন ইউরিয়া সার বিতরণের এ ধরনের অনিয়ম হয়েছে। দিনাজপুর বিএডিসির সহকারী পরিচালকসহ (সার) কিছু কর্মকর্তা এই অনিয়মের সঙ্গে জড়িত। তাঁরা ডিলারদের কাছে প্রতি বস্তা নন ইউরিয়া সারের জন্য ৫০ টাকা হারে উেকাচ নিয়েছেন।তবে অভিযোগ অস্বীকার করে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, একজন ডিলার তাঁর নামে বরাদ্দের সার অন্য ডিলারকে উত্তোলনের লিখিত ক্ষমতা দিলে গুদাম কর্তৃপক্ষ সার দিতে বাধ্য। এ জন্য কোনো প্রকার উেকাচ নেওয়া হয়নি।দিনাজপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সার বিতরণের এ ঘটনা কোনো অনিয়ম নয় দাবি করে বলেন, মূল বিষয়টি হচ্ছে কৃষক সার পাচ্ছেন কি না তা দেখা। তবে দিনাজপুর বিএডিসির (সার) ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক মো. সিদ্দিকুর রহমান খান বলেন, নিয়ম অনুযায়ী ডিলাররা নিজেদের বরাদ্দের বাইরে কোনো সার তুলতে পারেন না। নির্দিষ্ট জেলা বা উপজেলার সার অন্য জেলা বা উপজেলায় বিক্রির নিয়ম নেই। সার বিতরণের ক্ষেত্রে অনিয়ম তাঁর কাছে ধরা পড়লে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।