দিনাজপুরে মহিলা পরিষদের মুক্ত আলোচনা
‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেখতে চাই। প্রতিটি ঘরে শিক্ষার আলো জ্বলবে এমন বাংলাদেশ চাই।’
দিনাজপুরে আদর্শ ডিগ্রি কলেজে ‘কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক মুক্ত আলোচনায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী মেরিলতা টুডু এ কথা বলে।
গতকাল শনিবার সকালে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মুক্ত আলোচনায় কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান।
কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহেল রানা বলে, রাজনৈতিক দলগুলো যে ধারার রাজনীতি করছে, তা থেকে বেরিয়ে সংঘাতমুক্ত, নিরাপদ ও শান্তির সমাজ গড়বে এমন বাংলাদেশ সে চায়।
দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান জানান, মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীন মত প্রকাশে সাহস জোগাতে মহিলা পরিষদ নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের অংশগ্রহণে এ ধরনের মুক্ত আলোচনার আয়োজন করেছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রেরণায় সমৃদ্ধ হতে তিনি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদিকা মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদিকা মনোয়ারা সানু, সাংগঠনিক সম্পাদিকা রুবিনা আকতার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদিকা রুবী আফরোজ।