দিনাজপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার ৩৬
দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, কোতোয়ালি পুলিশের কয়েকটি দল সাদাপোশাকে গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ মাদক বিক্রির অভিযোগে ১১ জন ও সেবনের দায়ে ২৫ ব্যক্তিকে আটক করে। এ ছাড়া একই সময়ে মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছ থেকে ১৫০ লিটার চোলাই মদ, ৬০ বোতল ফেনসিডিল, ৮০ পুরিয়া গাঁজা এবং টিটি ইনজেকশনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাঁদের কারাগারে পাঠান। আর ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় দুটি মামলা করা হয়। গতকাল শনিবার নির্বাহী হাকিমের আদালতে হাজির করার পর আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক হিপজুর রহমান বলেন, জেলায় অবৈধ মাদক ব্যবসা এবং সেবনের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। জেলা সদরের বিভিন্ন মোড়, বস্তি এবং সীমান্ত এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ আসছে। বিজিবি, পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিন শত শত বোতল ফেনসিডিল, গাঁজা, চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করছেন।