দিনাজপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে গতকাল শুক্রবার বিকেলে মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম।
জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
হুইপ সাংসদ ইকবালুর রহিম বলেন, কেবল পুলিশ বা প্রশাসনকে দিয়ে মাদকের ভয়াল থাবা থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব নয়। সবার আগে নিজেকে ও পরিবারকে মাদকমুক্ত করতে হবে। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মা-বাবার অবহেলা ও উদাসীনতা সন্তানদের মাদকাসক্তির অন্যতম কারণ।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. রুহুল আমিন ও সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাস। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল মান্নাফ কবির, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. সিদ্দিক গজনবী, জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোসাদ্দেক হোসেন, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বেসরকারি সংগঠনের প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন শাহ প্রমুখ।
আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গানের দল, দিৃনাজপুর জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
এর আগে প্রায় তিন হাজার নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মাদকবিরোধী একটি শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।