দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার 'বীর নিবাস' হস্তান্তর
দিনাজপুরে সদর উপজেলায় সরকারি উদ্যোগে নির্মিত বাড়ি ‘বীর নিবাসে’র দলিল মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের (৭২) কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আজ রোববার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কাদেরের কাছে ওই দলিল হস্তান্তর করেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, সদরের ১০টি ইউনিয়নে একজন করে মুক্তিযোদ্ধাকে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি করে ‘বীর নিবাস’ ভবন দেওয়া হচ্ছে। সদর উপজেলার শশরা ইউনিয়নের মহতুলাপুর গ্রামে মুক্তিযোদ্ধা আবদুল কাদেরকে বাড়ির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ বাসভবন হস্তান্তর কার্যক্রম শুরু হলো।
বাড়ির দলিল হাতে পেয়ে মুক্তিযোদ্ধা আবদুল কাদের আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে ৪৫ বছর আগে যুদ্ধ করেছি। আজ জীবনের গোধূলি বেলায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করলেন, বর্তমান সরকার সমাজে মুক্তিযোদ্ধাদের প্রকৃত অর্থে সম্মান ও মর্যাদা দিতে প্রতিজ্ঞ।’
আজ দলিল হস্তান্তরের সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এলাকাবাসীর উপস্থিতিতে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধারা মর্যাদা ও সম্মান পাননি। অভাব, অনটন ও আকাশের নিচে দিন যাপন করে সংসার চালিয়েছেন। যাঁরা দেশের স্বাধীনতা অর্জনে জীবনকে উৎসর্গ করেছেন, পরবর্তীকালে তাঁদের ওপর অমানবিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। স্বাধীনতার পক্ষের তথা মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসার পর অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সচ্ছল ও বাসভবন নিশ্চিত করতে শেখ হাসিনার নির্দেশেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।
দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, ডেপুটি কমান্ডার আবদুল জলিল উপস্থিত ছিলেন।