দিনাজপুরে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি অলিউর খুন
দিনাজপুর শহরের মিশন রোড এলাকায় গত সোমবার অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে অলিউর রহমান ওরফে আলু (৪০) প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, সন্ত্রাস, অপহরণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি, মাদক ও চোরাচালানসহ ৪২টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাঁর ৬২ বছরের সাজা হয়। তবে উচ্চতর আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান বলে পুলিশ সুপার মো. ময়নুল হোসেন জানিয়েছেন। এলাকাবাসী জানায়, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অলিউর রহমান এবং তাঁর বন্ধু শহীদুল ইসলাম পাবলিক টয়লেটটি এক বছরের জন্য ইজারা নেন। কিন্তু অলিউর ইজারার টাকা একা পরিশোধ করেন। পরে অলিউর শহীদুলকে পাবলিক টয়লেটটির অংশীদার হিসেবে অস্বীকার করেন। অলিউরের পক্ষে ইউসুফ আলী টয়লেটটি দেখাশোনা করতেন।পুলিশ জানায়, গত ১ অক্টোবর শহীদুল টয়লেটটির দখল নিতে ইউসুফের কাছ থেকে সারা দিনের আয়ের টাকা জোর করে আদায় করেন। এ নিয়ে অলিউরের সঙ্গে শহীদুল ও রাজুর হাতাহাতি হয়। পরে ইউসুফ বাদী হয়ে শহীদুল, রাজু, বাবু ছাড়াও অজ্ঞাত পরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে শহীদুল, রাজু ও বাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।