দিনাজপুরে যুবলীগের বর্ধিত সভা
দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা যুবলীগের বর্ধিত সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য¦মো. শাহজাহান ভুঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক¦মো. এমরান হোসেন খান। স্বাগত বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে যুবলীগের ১৩ উপজেলা, ৮ পৌরসভাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মো. শাহজাহান ভুঁইয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না। বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে সারা দেশে যুবলীগ আজ ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।