দিনাজপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর জিলা স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই ছাত্রীর চাচা ও বিরল উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা। পুলিশ গতকাল শুক্রবার ওই শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, তাঁর ভাতিজি দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ে। ১৪ আগস্ট বিকেলের দিকে সে শহরের স্টেশন রোড এলাকায় ওই শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যায়। সেখানে সে পা ছুঁয়ে সালাম করতে গেলে শিক্ষক তাকে যৌন হয়রানি করেন।
তবে বৃহস্পতিবার রাতে থানা হাজতে ওই শিক্ষক সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। অনেক শিক্ষার্থী তাঁর কাছে পাইভেট পড়ায় অনেকের ক্ষোভ রয়েছে। ১৪ আগস্ট প্রাইভেট পড়ানোর নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে মেয়েটি তাঁর বাড়িতে এসে পা ছুঁয়ে সালাম করে। সেলামি হিসেবে তাকে ১০০ টাকা দেন। এ সময় তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। এরপর মেয়েটি সহপাঠীদের সঙ্গে পড়া শেষে চলে যায়। তিন ঘণ্টা পর মেয়েটির এক বন্ধুসহ দুই তরুণ দুই দফা তাঁর বাসায় আসে। সালাম করার সময় মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে মর্মে তারা অভিযোগ করে।
শিক্ষকের স্ত্রী বলেন, আগের দিন সেলামির টাকা চেয়ে মেয়েটির ফোন করা ও পরদিন বিকেলে এসে সালাম করা—দুটি ঘটনাই তিনি প্রত্যক্ষ করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর ৫০-৬০ জন ছাত্র-যুবক ওই শিক্ষকের বাসায় চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকসহ মেয়ে ও শিক্ষককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানো হয়।
ইউএনও প্রিয় সিন্ধু তালুকদার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসা করলে ওই শিক্ষার্থী শিক্ষকের বিরুদ্ধে তাকে যৌন হয়রানির অভিযোগ করে। কিন্তু শিক্ষক ওই অভিযোগ প্রত্যাখ্যান করে মুচলেকা দিতে রাজি হননি। এ অবস্থায় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারবহির্ভূত হওয়ায় তিনি উভয় পক্ষকে পুনরায় থানায় পাঠিয়ে দেন। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে একটি মামলা করা হয়। পরে গতকাল দুপুরে ওই শিক্ষককে আদালতে হাজির করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।