সূর্যের দেখা নেই একদণ্ডও। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় হাড়কাঁপানো শীত। সবকিছু উপেক্ষা করেই গতকাল শুক্রবার দিনাজপুরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল দ্বিতীয় বাংলাদেশ ফিজিক্স্ অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় আসর।গতকাল সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ এম আবদুর রহিম। একই সময়ে ফিজিক্স্ অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন জাতীয় ফিজিক্স্ অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক জাহিদ হাসান মাহমুদ। স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ এ কে এম জিয়াউল হক।উৎসব উদ্বোধনের সময় আবদুর রহিম বলেন, দেশে জ্ঞান-বিজ্ঞানের আসর সেভাবে বসে না। পদার্থবিজ্ঞান বা গণিত উৎসবের মতো আয়োজন যত বেশি হবে, দেশ তত এগিয়ে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর এক ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মধ্যাহ্নভোজের বিরতির পর বেলা দুইটায় পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে নাটক জল যুদ্ধ মঞ্চস্থ করে পঞ্চগড়ের কারিগর নাট্যদল।বিকেলে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দেন ফিজিক্স্ অলিম্পিয়াড কমিটির ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসান মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের আইসিটি বিভাগের প্রধান আফরোজ আল মামুন ও সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান শাহাদাৎ হোসেন।রংপুর বিভাগের আট জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৫০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে জুনিয়র ও মাধ্যমিক বিভাগ থেকে ১৭ জন করে এবং উচ্চমাধ্যমিক বিভাগ থেকে ১০ জনসহ মোট ৪৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ৪৪ জন ঢাকায় ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় ফিজিক্স্ অলিম্পিয়াডে অংশ নেবে।বাংলাদেশ ফিজিক্স্ অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফিজিক্স্ বিভাগের প্রধান এফ এ জাহাঙ্গীর মাসুদ জানান, আগামী ১২ জুলাই এস্তোনিয়ার দুটি শহরে আন্তর্জাতিক ফিজিক্স্ অলিম্পিয়াডের ৪৩তম আসর বসছে। ওই আসরের জন্য বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাছাই করতে দেশের সাতটি বিভাগে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।রংপুর বিভাগের এই উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিধানচন্দ্র হালদার, বিকাশচন্দ্র সরকার, শাহাদাৎ হোসেন খান, হাসানুজ্জামান, দিনাজপুর পরমাণু চিকিৎসা ও আলট্রা সাউন্ড কেন্দ্রের পরিচালক চিকিৎসক বি কে বোস ও দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষক কান্তা রিমি রায়।