দিনাজপুরে রাজবাড়ী পরিদর্শনে পাঁচ দেশের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশের রাষ্ট্রদূতেরা উত্তরাঞ্চলে তিন দিনের সফরের শেষ দিন গতকাল শুক্রবার দিনাজপুরের রাজবাড়ী ও আত্রাই নদীর ওপরে নির্মিত রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে সকাল নয়টায় শহরের রাজবাড়ী প্রাঙ্গণে পৌঁছালে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকসহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রদূতদের ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর পররাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসকসহ দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের প্রতিনিধিরা রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে রাজবাড়ীর দুর্গা মন্দির, রাজমহল, দরবার হল, রানীমহল, আয়নামহলসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখান।
সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী থেকে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের মোহনপুরে আত্রাই নদীর ওপরে নির্মিত রাবার ড্যাম প্রকল্প এলাকায় নিয়ে যান।
এরপর তাঁরা চিরিরবন্দর উপজেলার আমতলী গ্রামে আসেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদুঁ রাষ্ট্রদূত দলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, জার্মানির রাষ্ট্রদূত থমাস হেনরিখ প্রিনজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনিয়ার, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার।