দিনাজপুরে বোরো মৌসুমে ২ হাজার ৪৯৪ জন চালকলমালিকের মধ্যে সরকারি গুদামে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাত্র ৬০০ জন। এবারের লক্ষ্যমাত্রা ৮৬ হাজার টন। কিন্তু চুক্তি অনুযায়ী চালকলমালিকেরা মাত্র ৩০ হাজার টন চাল দেবেন।
এর মধ্যে গত সোমবার পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ১ হাজার টন চাল। অনেক উপজেলায় এখনো চাল সংগ্রহের কাজ শুরুই হয়নি।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে এবার প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৩৪ টাকা। প্রথম দফায় ২০ মের মধ্যে চালকলমালিকদের চুক্তি করার কথা ছিল। খাদ্য মন্ত্রণালয় পরে ৩১ মে পর্যন্ত চুক্তির সময় বাড়ায়।
দিনাজপুর শহরের পাটোয়ারী অটো রাইস মিলের মালিক শহীদুর রহমান পাটোয়ারী বলেন, ‘আমার অটো ও হাসকিং মিল দুটাই আছে। আমি শুধু অটো রাইস মিল থেকে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা শুধু সুনাম ও মর্যাদা রক্ষার খাতিরে অটো রাইস মিল থেকে চুক্তিবদ্ধ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘সরকারের মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক নেই। এটা ঠিক করা দরকার। আমাদের কেজিপ্রতি তিন থেকে চার টাকা লস হচ্ছে। অপেক্ষা করছি, সময় হলে চাল দেব।’
শহরের ভৌমিক অটো রাইস মিলের মালিক গৌতম ভৌমিক বলেন, ‘ধানের দাম বেশি। চালের দাম কম। এ অবস্থায় কেমন করে চাল দেব আমরা? চালকল মালিক সমিতির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে তখন চাল দেব।’
বিরামপুরের মেসার্স অরিন রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার হাটবাজারে বর্তমানে হাইব্রিড জাতের মোটা ধান ৮০০ টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে। এক মণ ধান চাতালে সেদ্ধ ও শুকানো এবং কলে ভাঙা পর্যন্ত খরচ পড়ে ৪০ থেকে ৪২ টাকা। বর্তমানে বাজারে মোটা চাল ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার কিনছে ৩৪ টাকা দরে। অর্থাৎ চালকলমালিকদের ৬ থেকে ৮ টাকা লোকসানে সরকারকে চাল দিতে হবে।
নবাবগঞ্জ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বলেন, বেশির ভাগ মালিকের হাসকিং মিল। সরকারি গুদামগুলো অটো রাইস মিলের চাল ছাড়া চাল নেয় না। এতে যেসব চালকলমালিক হাসকিং মিলের অধিকারী তাদের অটোরাইস মিলে চাল দেওয়ার জন্য অটো রাইস মিলে নিয়ে চাল প্রক্রিয়াজাত করতে হয়। এতে একে তো লোকসান। তার ওপর বাড়ে হয়রানি। এসব কারণে অনেকেই চাল দিচ্ছেন না।
ঘোড়াঘাটের হাসকিং মিলের স্বত্বাধিকারী মতিনুর রহমান বলেন, তিনি ২০ বছর ধরে সরকারের সঙ্গে ব্যবসা করে আসছেন। সেই সম্পর্কের সূত্র ধরে ক্ষতির সম্মুখীন হলেও এবার চাল দেবেন। তবে অনেক চালকলমালিক চুক্তি অনুযায়ী চাল দিতে পারবেন না। কারণ, এবার ধানের ফলন ভালো হয়নি। ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার খাদ্যগুদামে এখনো চাল সংগ্রহ শুরু হয়নি বলে জানান মতিনুর রহমান।
জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, সম্প্রতি খাদ্যমন্ত্রী দিনাজপুরে এসেছিলেন। তখন চালকলমালিকেরা মন্ত্রীকে জানান, চালের বাজার সহনীয় পর্যায়ে এলে তাঁরা চাল দেবেন। প্রতিবছরই সরকার চুক্তির মেয়াদ বাড়ায়। এবারও বাড়াবে বলে তাঁরা আশা করছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কাইছার আলী বলেন, যেসব চালকলমালিক চুক্তি করেননি, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী চার মৌসুম তাঁরা চুক্তির বাইরে থাকবেন। প্রয়োজনে সরকার শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। তিনি আরও জানান, জেলায় ৫৪টি বড় অটো চালকল রয়েছে। এসব চালকল ঠিকমতো সরকারকে চাল সরবরাহ করলে এদের মাধ্যমেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।