দিনাজপুরে লিচুর দাম কম বিপাকে বাগানমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে এবার অনেক কম দামে লিচু বিক্রি হচ্ছে। এতে ব্যবসায়ী ও বাগানমালিকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ফলন ভালো হওয়ায় এবং উল্লেখযোগ্যসংখ্যক ক্রেতা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার জেলার সদর উপজেলার মাশিমপুর, সৈয়দপুর, উলিপুর ও কসবা গ্রামে গিয়ে দেখা গেছে, শত শত গাছে লিচু পেকে লাল হয়ে আছে। কিন্তু বেচাকেনা নেই। মাশিমপুর গ্রামের লিচুবাগানের মালিক আবদুল ওয়াহেদ বলেন, ‘এই বছর লিচুর ফলন বিস্তর। আবহাওয়াও ভালো। কয়েক বছর ধরে ধান, আলু, গমসহ বিভিন্ন ফসল চাষ করে কৃষকেরা দাম পাচ্ছে না। ফলে অনেক কৃষক অপেক্ষাকৃত উঁচু জমিতে লিচুবাগান গড়ে তুলেছেন। পাঁচ বছর আগের চেয়ে দ্বিগুণ লিচু চাষ হচ্ছে।
একই গ্রামের লিচু ব্যবসায়ী ইমান আলী বলেন, অন্য বছর প্রতি হাজার মাদ্রাজি লিচু পাইকারেরা বাগানেই ১ হাজার ৫০০ টাকায় কিনে নিয়ে গেছেন। কিন্তু এ বছর এক হাজার টাকার বেশি দিয়ে কিনতে চান না। বোম্বাই জাতের লিচুরও একই অবস্থা। তবে বেদানা জাতের লিচুর দাম কমেনি। ভালো মানের ১০০ বেদানা লিচু ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আবদুল হান্নান বললেন, দিনাজপুরে মোট ৪ হাজার ৫৭ হেক্টর জমিতে লিচুবাগান আছে। বাগানের সংখ্যা ৫ হাজার ২৯৮টি। এসব বাগানে গাছ ৫ লাখ ৬৫ হাজার ৩৫৯টি। এ ছাড়া মানুষের বসতভিটার উঠানে ৮০ হাজারের বেশি লিচুগাছ আছে। এ বছর আবহাওয়া লিচুর অনুকূলে। গাছে প্রচুর লিচু ফলেছে। তাই গত বছরের চেয়ে এ বছর লিচুর দাম বেশ কম।
দিনাজপুর শহরের কালীতলা এলাকার পৌরসভা মার্কেটে জেলার সবচেয়ে বড় লিচুর পাইকারি ও খুচরা বাজার। এ বছর লিচুর সরবরাহ এত বেশি যে মূল বাজার ছাড়িয়ে উত্তরে আর্য্য পাঠাগার, পূর্বে মশান কালীমন্দির, দক্ষিণে প্রেসক্লাব ও পশ্চিমে ক্ষেত্রীপাড়া মোড় পর্যন্ত দোকান দিয়ে বসেছেন।
বাজারে লিচু আড়তের মালিক আবদুল গাফফার জানান, জেলা সদর ছাড়াও বিরল, কাহারোল, চিরিরবন্দর, খানসামা ও বীরগঞ্জ উপজেলা থেকে বিক্রেতারা এখানে লিচু নিয়ে আসেন। এ বছর লিচুর আমদানি প্রচুর। সেই তুলনায় ক্রেতা কম। তাই বাজারে লিচুর দাম কম।
দিনাজপুর শহরের স্টেশন রোডের আবাসিক নিউ হোটেলের মালিক ইরোজ আহমেদ জানান, লিচু ও আমের মৌসুমে বিভিন্ন জেলা থেকে শত শত ব্যবসায়ী এসে শহরের আবাসিক হোটেলগুলোতে অবস্থান করেন। অন্য বছরের চেয়ে এবার বেশি ব্যবসায়ী এসেছেন। শহরের কোনো আবাসিক হোটেলে সিট খালি নেই।