দিনাজপুরে শল্য চিকিৎসকদের সভা অনুষ্ঠিত
দিনাজপুর মেডিকেল কলেজ চত্বরে গত শনিবার শল্যচিকিৎসকদের সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভার ‘সূচনা সকাল’ অনুষ্ঠান হয়েছে। এতে সারা দেশ থেকে আসা ৩৫০ জন শল্যচিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ চিকিৎসক এস এ আশরাফ। তিনি চিকিৎসকদের প্রতি সমাজের নিম্ন্ন আয়ের মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দিতে আহ্বান জানান।দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. হামিদুল হক খন্দকারের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম। অনুষ্ঠানে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি কনক কান্তি বড়ুয়া, আয়োজক কমিটির সভাপতি শল্যচিকিৎসক এম এইচ আলমগীর, সদস্যসচিব মোস্তফা জাহিদ আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোপীনাথ বসাক বক্তৃতা করেন।