দিনাজপুরে শিক্ষককে লাঞ্ছনার মামলায় বোর্ড কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. রিয়াজুল ইসলাম নামে শিক্ষা বোর্ডের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, লাঞ্ছনার শিকার হওয়া কাহারোল উপজেলার পশ্চিম মল্লিকপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার রায় গত সোমবার তাঁর থানায় মামলা করেন। এতে হুমায়ুন কবীর, আলমগীর আহমেদ, মন্টু রাম রায় এবং মো. রিয়াজুল ইসলাম নামে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারজন কর্মচারীকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, গতকাল ভোরে শহরের বালুবাড়ী এলাকা থেকে রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছে।এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী কর্তৃক শিক্ষক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও স্থানীয় কে বি এম কলেজের অধ্যক্ষ মো. সাইফুদ্দিন আখতার জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল মজিদের নেতৃত্বে বোর্ডের কর্মকর্তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে বোর্ড কর্মকর্তারা ওই চার কর্মচারীকে সব কাজ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান। বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মজিদও তাঁদের প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেন।মামলার এজাহারের অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি আসামিরা বোর্ডের কার্যালয়ে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেন।