দিনাজপুরে শিবিরের পাঁচ নেতা-কর্মী সাত দিনের রিমান্ডে
দিনাজপুরে গ্রেপ্তার শিবিরের পাঁচ নেতা-কর্মীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস এম আহসানুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সামাদ জানান, গতকাল দুপুরে শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার রাতে জেলা শহরের রামনগর জামাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিবিরের উত্তরবঙ্গ শাখার পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ওই শাখার সভাপতি মো. আমানুল্লাহ সরকার (২৫), সহসভাপতি মো. হামিদুর রহমান (২৪), প্রচার সম্পাদক মো. বিপ্লব হোসেন (২২) এবং কর্মী মো. তারেক আবেদীন (১৯) ও আল আমিন (২০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, সোমবার রাতে রামনগর জামাইপাড়া এলাকার একটি বাড়িতে শিবিরের মোট ১০ জন নেতা-কর্মী অবস্থান করছিলেন। অভিযানের সময় পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিপুলসংখ্যক জিহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ ১০ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করেছে।