দিনাজপুরে শিশু নিহত, গাইবান্ধা ও রংপুরে আহত ৪০
দিনাজপুরের হাকিমপুের সড়ক দুর্ঘটনায় গত সোমবার আবু সাঈদ (১১) নামের এক মাদ্রাসাছাত্র নিহত ও গাইবান্ধার সুন্দরগঞ্জে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার রংপুরের বদরগঞ্জে দুই শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বিরামপুর (দিনাজপুর): গত সোমবার হাকিমপুরের রাউতারা গ্রামের আবদুল কুদ্দুস তাঁর ছেলে আবু সাঈদকে নিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে জমিতে চাষ করতে যান। আবু সাঈদকে পাওয়ার ট্রিলার চালাতে দিয়ে কুদ্দুস বাড়ি ফিরে আসেন। একপর্যায়ে জমির আইলে থাকা গাছের গোড়ার সঙ্গে পাওয়ার ট্রিলারটি ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় আবু সাঈদ নিচে পড়ে গেলে পাওয়ার ট্রিলারটি তার ওপর দিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সে স্থানীয় এক মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
গাইবান্ধা: গত সোমবার সুন্দরগঞ্জের থ্যালথেলির বাজার এলাকা থেকে বর ও কনেসহ প্রায় ৫০ জন বরযাত্রী একটি বাসে করে জেলা শহরের খানকাশরীফ এলাকার দিকে রওনা দেন। বাসটি রাত তিনটার দিকে বেড়াডাঙ্গা এলাকায় পৌঁছালে এটি উল্টে বর-কনে ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন।
বদরগঞ্জ (রংপুর): গতকাল দুপুরে বদরগঞ্জের মিরাপাড়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই শিশুসহ ১০ যাত্রী আহত হন।