দিনাজপুরে শোকাবহ ৬ জানুয়ারি পালিত
দিনাজপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে গতকাল শুক্রবার ‘শোকাবহ ৬ জানুয়ারি’ পালন করা হয়েছে। ১৯৭২ সালের এই দিনে দিনাজপুরে মহারাজা স্কুলে মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে ছয় শতাধিক মুক্তিযোদ্ধা প্রাণ হারান।দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় চেহেলগাজী মাজারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পশ্রদ্ধা নিবেদন ও শহীদদের কবরস্থানে ফাতেহা পাঠ এবং মহারাজা স্কুলের শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পশ্রদ্ধা অর্পণ করা হয়। বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।৬ জানুয়ারি স্মৃতি পরিষদের আহ্বায়ক সাবেক পৌর মেয়র সফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঘটনার প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা মির্জা আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, কাজী বোরহান, শাহজাহান শাহ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মো. সাখাওয়াত হোসেন সরকার, কানিজ রহমান, উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান, যশোর উদীচীর সাধারণ সম্পাদক এস এম শহীদুজ্জামান প্রমুখ।