দিনাজপুরে শোকাবহ ৬ জানুয়ারি পালিত
১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুরের মহারাজা স্কুলমাঠে মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্পে মাইন বিস্ফোরণে নিহত ব্যক্তিদের কবরে গতকাল ফাতেহা পাঠ ও তাঁদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল দিনাজপুরে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।মুক্তিযুদ্ধ শেষে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার মহারাজা স্কুলে মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্প স্থাপন করা হয়। ১৯৭২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ট্রাক থেকে মাইন নামাতে গিয়ে একটি মাইন ক্যাম্পের গোলাবারুদের স্তূপে পড়ে যায়। মুহূর্তেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। এতে ক্যাম্পে অবস্থানকারী পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা নিহত হন।৬ জানুয়ারি স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল সকাল নয়টায় স্থানীয় চেহেলগাজীতে শহীদদের কবরে ফাতেহা পাঠ ও সঞ্চৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করা হয়। সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা হয়।