দিনাজপুরে ষষ্ঠ গণিত উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার জিলা স্কুলে ‘ষষ্ঠ গণিত উৎসব-২০১৩ দিনাজপুর’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল নয়টা ৩০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং সায়েন্স একাডেমীর পতাকা উত্তোলন শেষে সাংসদ ইকবালুর রহিম গণিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই চারটি বিভাগে এক ঘণ্টা ১৫ মিনিটের লিখিত পরীক্ষা নেওয়া হয়। জেলার ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার ১৬২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পরীক্ষা শেষে কুইজ, কম্পিউটার গেমস ছাড়াও জমজমাট প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। খুদে বিজ্ঞানীরা এই পর্বে নানা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে শিক্ষকদের সঙ্গে জ্ঞানের লড়াইয়ে অবতীর্ণ হয়। দিনাজপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাশিদুল ইসলামের প্রশ্ন, ‘সরল অঙ্ক করতে অনেক কঠিন। তাহলে এর নাম সরল না হয়ে জটিল হলো না কেন?’ কলেজিয়েট বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা ইসলাম জানতে চায়, ‘জ্বর এলে আমাদের শরীর গরম হয়। কিন্তু ঠান্ডা অনুভূত হয় কেন?’
অধ্যাপক বলরাম রায় ও বিকাশ চন্দ্র সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক মো. আমিনুল ইসলাম, গণিতের শিক্ষক একরামুল হক, গাইবান্ধা জেলার সিভিল সার্জন মো. আহাদ আলী সরকার এবং স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. জিয়াউল হক শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত ও নৃত্যানুষ্ঠান। উৎসবে প্রাথমিক বিভাগে ২০ জন, জুনিয়র বিভাগে ২৪, মাধ্যমিক বিভাগে ২৪ এবং উচ্চমাধমিক বিভাগে নয়জনসহ চারটি বিভাগে মোট ৭৭ জন বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইকবালুর রহিম বলেন, বিজ্ঞানে অবদানের জন্য নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ও গবেষকদের মতো একদিন দিনাজপুরের সন্তানেরাও নোবেল বিজয়ী হবে। সেই সঙ্গে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে মাথা উঁচু করে দেশকে এগিয়ে নিতে গণিত, বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রতি আগ্রহী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।