দিনাজপুরে সংখ্যালঘুর বাড়িতে বরিশালে মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জের উত্তর মহেশপুর গ্রামে সংখ্যালঘুদের ১২টি বাড়িঘর ও খড়ের গাদায় গত শনিবার দিবাগত রাতে আগুন দেওয়া হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা এই নাশকতা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে বরিশালে একটি মন্দিরে আগুন দেওয়া হয়।সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: মহেশপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মানিক বসাক প্রথম আলোকে বলেন, রাত ১২টার পর বাড়িতে আগুন দেওয়া হয়। জীবন রক্ষায় নারী-পুরুষ-শিশুসহ পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসে। আরেক ক্ষতিগ্রস্ত নিশীথ বসাক জানান, ৩০-৪০ জনের একটি দল ঘরবাড়িতে আগুন দেয়। ওদের হুমকি শুনে অনুমান করা হয়েছে, ওরা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক।বরিশাল: শনিবার দিবাগত রাতে হিজলা উপজেলার আলীগঞ্জ বাজারসংলগ্ন একটি কালীমন্দিরে আগুন দেওয়া হয়। আগুনে মন্দিরের একাংশ পুড়ে যায়। মন্দির কমিটির সভাপতি দীপক ঘোষ জানান, শনিবার রাত দুইটা পর্যন্ত মন্দিরে প্রার্থনা করে ঘুমাতে যান তিনি। এরপর কে বা কারা মন্দিরে আগুন দেয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনার তদন্ত চলছে।জেলার গৌরনদী উপজেলার পিংলাকাঠী (বোরাদী গরঙ্গল) গ্রামে শুক্রবার মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদমদীঘি (বগুড়া): গতকাল দুপুরে নওগাঁ জেলা পূজা উদ্যাপন পরিষদ প্রতিবাদ সভা করে। সভায় দেশব্যাপী হিন্দুদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে জামায়াত-শিবিরের তাণ্ডবের নিন্দা জানানো হয়। নারায়ণগঞ্জ: গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন আয়োজকেরা। মানববন্ধনে বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে হিন্দুদের মন্দির, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে রাজগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।