দিনাজপুরে সফল ওপেন হার্ট সার্জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এক ব্যক্তির ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জেলার বীরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীনের শরীরে এই অস্ত্রোপচার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ওপেন হার্ট সার্জারিতে নেতৃত্ব দেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন মোহাম্মদ সারওয়ার কামাল। তাঁকে সহযোগিতা করেন হাসপাতালের চিফ কনসালট্যান্ট হাসনাইন নান্না, দেশের প্রখ্যাত ওপেন হার্ট সার্জন কাজী আবুল হাসান, অ্যানেসথেটিস্ট শাহনাজ ফেরদৌস, হাসপাতালের অ্যানেসথেটিস্ট মো. ইফতিখার হাসান, ফায়জুল ইসলাম, হূদেরাগ বিশেষজ্ঞ জগলুল কবির, রেডিওলজিস্ট আবদুল বারী, ফয়জুল ইসলামসহ ১২ সদস্যের একদল চিকিৎসক। মোহাম্মদ সারওয়ার কামাল সংবাদ সম্মেলনে বলেন, ওপেন হার্ট সার্জারি একটি বড় ও জটিল অস্ত্রোপচার। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করা দিনাজপুরের চিকিৎসাব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। আগামী মাস থেকে হাসপাতালে হূৎপিণ্ডের বাইপাস সার্জারি এবং দুই মাসের মধ্যে নিরবচ্ছিন্নভাবে বাইপাস ও ওপেন হার্ট সার্জারি করা হবে। হাসপাতালের চিফ কার্ডিয়াক কনসালট্যান্ট হাসনাইন নান্না আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা সফল হয়েছি। দিনাজপুরসহ দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। বিনিময়ে বেতনের বাইরে কোনো টাকা নিইনি।’ তিনি জানান, গত ২৩ জানুয়ারি এই হাসপাতালে একজন রোগীর কিডনির মূল রক্তনালিতে রিং বসানো হয়েছে। আগামী দুই থেকে চার দিনের মধ্যে হাসপাতালে একজন রোগীর একই সঙ্গে হূৎপিণ্ডের ভাল্বে অস্ত্রোপচার ও রিং পরানো হবে।হাসনাইন নান্না বলেন, মাত্র এক লাখ ২০ হাজার টাকা প্যাকেজে ওপেন হার্ট এবং এক লাখ ৫০ থেকে ৮০ হাজার টাকায় বাইপাস সার্জারি করা হবে। ঢাকার বিভিন্ন হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারে এর তিন গুণ ব্যয় হয়ে থাকে। হূৎপিণ্ডের যেকোনো রোগের চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশন আগামী দিনে দেশের তথা উত্তরাঞ্চলের মানুষের ভরসার স্থল হবে। প্রথম ওপেন হার্ট সার্জারি করা রোগী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের জয়নাল আবেদীনের (৪৬) স্ত্রী পারুল নাহার বলেন, ছয় মাস ধরে তাঁর স্বামী হূদেরাগে ভুগছিলেন। এই হাসপাতালের চিকিৎসকদের ব্যবহার এবং চিকিৎসাব্যবস্থায় ভরসা পেয়ে জয়নাল আবেদীন এখানেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। তিনি জানান, তাঁর স্বামী সুস্থ আছেন এবং (শনিবার) দুপুরে নরম ভাত খেয়েছেন। সংবাদ সম্মেলনে সার্জন, কনসালট্যান্ট ছাড়াও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।