দিনাজপুরে সহিংসতায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ভোটকেন্দ্রে হামলা চালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে আহত আসাদুজ্জামান (১৮) নামের এক যুবক আজ সোমবার মারা গেছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ সকাল নয়টার দিকে তিনি মারা যান।

আসাদুজ্জামানের বাড়ি জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর সাহাডুবি গ্রামে। তাঁর বাবার নাম আলিমউদ্দিন।

গতকাল বেলা তিনটার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে আসাদুজ্জামান আহত হন। পরে তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গতকাল এই কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে মাদ্রাসাছাত্র মো. সালাউদ্দিন নিহত হন। এ ছাড়া গতকাল দিনাজপুরে নির্বাচনী সহিংসতায় মারা যায় আরও দুজন।

আসাদুজ্জামানের বাবা আলিমউদ্দিন জানান, গতকাল নির্বাচনের সময় যৌথ বাহিনীর লোকজন তাঁর ছেলেকে বেদম মারধর করে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, নিহত আসাদুজ্জামান জামায়াতের কর্মী ছিলেন।