দিনাজপুরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর ও বীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক কিশোর ও এক নারী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে।
দিনাজপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, শহরের হঠাৎপাড়া মহল্লার গফুর আলীর ছেলে সোহাগ (১৭) নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ কামড়ালে জেগে ওঠে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বিষ ধমনীতে ছড়িয়ে যাওয়ায় পথেই সে মারা যায়।
অন্যদিকে বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামের আবদুল লতিফের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) গত সোমবার রাতে প্রাকৃতিক কাজ সারতে বাড়ির বাইরে বের হলে সাপে কামড় দেয়। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নীলফামারীরর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বজ্রপাতে নুরুন্নাহার বেগম (৩৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় চার বছর আগে তাঁর স্বামী আবদুর রাজ্জাক মারা যান। নুরুন্নাহার অনেক কষ্টে ছয় ছেলেমেয়েকে মানুষ করছিলেন। গতকাল সকালে তিনি গরুর ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে গেলে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছয় সন্তানের মা নুরুন্নাহার মারা যান।