দিনাজপুরে সাবেক মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রকল্প তৈরি করে ৬২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাত্ করার মামলায় দিনাজপুর পৌরসভার তত্কালীন মেয়র, কমিশনারসহ সংশ্লিষ্ট ২৬ জন কর্মকর্তা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের সহকারী পরিচালক শেখ মেজবাহ্ উদ্দিন দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন। আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।অভিযুক্তদের মধ্যে আছেন দিনাজপুর পৌরসভার তত্কালীন মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন, তত্কালীন নির্বাহী কর্মকর্তা এ কে এম বোরহান উদ্দিন, তত্কালীন সচিব মো. জালাউদ্দিন, তত্কালীন হিসাবরক্ষক মো. মোতাহার হোসেন, তত্কালীন নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব, তত্কালীন সহকারী প্রকৌশলী মো. নুরুল হুদা প্রমূখ।২০০৮ সালের ৪ ডিসেম্বর কমিশনের সহকারী কমিশনার শেখ মেজবাহ্ উদ্দিন বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, দিনাজপুর পৌরসভার তত্কালীন মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে আসামিরা ভুয়া ১৩টি প্রকল্পের মাধ্যমে পৌরসভার মোট ৬২ লাখ ২৯ হাজার ৫১২ টাকা উত্তোলন করে আত্মসাত্ করেছেন।মামলার প্রধান আসামি সাবেক পৌর মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন বলেন, দুদকের মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত।