দিনাজপুরে সারসংকট, বেশি দামে বিক্রি
দিনাজপুরের বাজারে ইউরিয়াসহ অন্যান্য সারের সংকট দেখা দিয়েছে। ১৮-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কারণে সার আনা যাচ্ছে না বলে জানিয়েছেন ডিলাররা। ঝুঁকি নিয়ে সার আনা গেলেও পরিবহন খরচ পড়ছে বেশি। এ কারণে দামও বেড়ে গেছে।
অনেকে অভিযোগ করছেন, অবরোধের সুযোগে বিক্রেতারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিয়েছেন।
তবে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, দিনাজপুরে বর্তমানে সারের কোনো সংকট নেই। আগামী সাত দিন পর সংকট হতে পারে। সময় থাকতেই সেই সংকট কীভাবে মেটানো যায়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বেশ কয়েকজন ডিলার জানান, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া ৮০০ টাকা, টিএসপি এক হাজার ১০০ টাকা, ডিএপি এক হাজার ৩০০ টাকা ও এমওপি ৭৫০ টাকা দামে বিক্রি করা হয়। বর্তমানে ডিলারদের কাছে সার নেই। খুচরা বিক্রেতাদের কাছে দু-এক বস্তা সার থাকতে পারে।
সদর উপজেলার গোদাগাড়ী, মালিগ্রাম ও কমলপুর; চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী ও কারেন্টেরহাট এবং বিরল উপজেলা সদর, বোর্ডেরহাট, কালিয়াগঞ্জ ও মঙ্গলপুর বাজারের খুচরা বিক্রেতাদের প্রতি বস্তা সার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে খুচরা বিক্রেতারা দাবি করেন।
সদর উপজেলার উলিপুর গ্রামের ভেদার মোড় বাজারে গত মঙ্গলবার সকালে সার বিক্রেতা সফিউল ইসলাম বলেন, ইউরিয়া নেই। দুই বস্তা ডিএপি, দুই বস্তা টিএসপি ও এক বস্তা এমওপি সার আছে। ডিএপি এক হাজার ৫০০ টাকা, টিএসপি এক হাজার ৪০০ টাকা ও এমওপি এক হাজার টাকা টাকা দরে বিক্রি করছেন।
তবে বিরলের জগত্পুর গ্রামের কৃষক মো. মজিবর রহমান বলেন, ‘বাজারে সারের প্রকৃত সংকটের চেয়ে ব্যবসায়ীরাই বেশি সংকট তৈরি করেছেন। তাঁরা সার মজুত করেছেন। বেশি টাকা দিলে ঠিকই সার পাওয়া যাচ্ছে।’
দিনাজপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সুজা-উর-রব চৌধুরী জানান, বিসিআইসির বাফার গুদাম থেকে ডিলারদের মাধ্যমে কেবল ইউরিয়া সরবরাহ করা হয়। টিএসপি, ডিএপি, এমওপিসহ অন্যান্য সার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরবরাহ করা হয়। হরতাল-অবরোধে গাড়িভাড়া চার গুণ বেড়ে গেছে। নগরবাড়ী ঘাট থেকে সার আনতে বস্তাপ্রতি ১১৫ টাকা ব্যয় হচ্ছে। তার পরও জেলা প্রশাসক ও ডিলাররা জেলায় সারের সরবরাহ ঠিক রাখতে চেষ্টা করছেন।
দিনাজপুরের পুলহাটে বিএডিসির সার বিভাগের যুগ্ম পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার চারটি পয়েন্টে এক হাজার ৩২৮ মেট্রিক টন টিএসপি, ৪০ টন ডিএপি ও ৩৬৫ মেট্রিক টন এমওপি মজুত আছে। অবরোধের কারণে সার আনা সম্ভব হচ্ছে না।