দিনাজপুরে সিপিবির দশম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর লোকভবনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দিনাজপুর জেলা শাখার দশম জেলা সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শামসুজ্জামান সেলিম।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও দিনাজপুর জেলা সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন।

শামসুজ্জামান সেলিম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের মানুষ যে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করেছিল, স্বাধীনতার ৪৫ বছর পর আবার সেই সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের উত্থান দেখে তারা আতঙ্কগ্রস্ত। দেশের রাজনীতিতে ক্ষমতার হাতবদল হয়, নেতার পরিবর্তন হয়, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় না। বুর্জোয়া ধারার রাজনীতি দেশকে সংকটমুক্ত করতে পারছে না। সংকট নিরসনে দ্বিদলীয় মেরুকরণের বাইরে একটি বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে হবে। গ্রাম ও শহরের গরিব মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু, কৃষকের কৃষি উপকরণের মূল্যহ্রাস, ফসলের লাভজনক দাম ও শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক মেহেরুল ইসলাম এবং জেলা ও উপজেলার নেতারা।

এর আগে বেলা ১১টায় দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলের পতাকা উত্তোলন শেষে দিনাজপুর জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দুপুরে খাবার বিরতির পর বিকেল সাড়ে তিনটায় দলের কাউন্সিল শুরু হয়।