দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে মোবাশ্বের আলম (২৮) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। দিনাজপুরের নারী ও শিশু আদালতের বিচারক মো. আখতারউল হক আজ বুধবার এই আদেশ দেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ আক্টোবর দুপুরে উপজেলার বিজুল গ্রামে যৌতুক না পেয়ে তারতিলা খানমকে তাঁর স্বামী মোবাশ্বের আলম নির্যাতন করে হত্যা করেন। ঘটনার রাতেই তারতিলার বাবা মো. আমিরুল ইসলাম বাদী হয়ে মোবাশ্বের আলমকে প্রধান আসামি করে আরও ছয়জনের বিরুদ্ধে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমান দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ প্রথম আলোকে জানান, ময়নাতদন্তে বলা হয়েছে, তারতিলাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাশ্বের যৌতুকের জন্য তারতিলাকে একাই হত্যা করেছেন বলে স্বীকারও করেন। তদন্তে এ হত্যাকাণ্ডের ঘটনায় অন্যদের সম্পৃক্ততা না থাকায় আদালতে মোবাশ্বেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন।
মোবাশ্বেরকে ২০১২ সালের ২৫ ডিসেম্বর রাত আটটায় বিজলু এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।