দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি ছায়ানী গ্রামের মো. সাইফুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।জেলার বিশেষ জজ আদালতের বিচারক গতকাল রোববার এই আদেশ দেন। জানা গেছে, মামলার তদন্ত শেষে ফুলবাড়ী থানার পুলিশ গৃহবধূ সালেহাকে হত্যার অভিযোগের প্রমাণ পেয়ে স্বামী সাইফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘদিন ধরে আসামি-বাদী এবং সাক্ষীর শুনানি শেষে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালে মো. আবদুল মজিদের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার রাজারামপুর গ্রামের মো. আবদুস সাত্তারের মেয়ে সালেহা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের একটি ছেলে হয়। এর পর থেকে সাইফুল স্ত্রী সালেহাকে তাঁর বাবার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। সালেহা চাপের মুখে বাবার কাছ থেকে একাধিকবার টাকা এনে স্বামীকে দিয়েছেন। এরপরও সাইফুল প্রায়ই তাঁর বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেন। সালেহা টাকা আনতে অস্বীকার করলে সাইফুল মাঝেমধ্যেই তাঁকে বেদম মারধর করতেন। ২০০৬ সালের ২৪ জুলাই সাইফুল বেধড়ক মারধর করার একপর্যায়ে সালেহার মৃত্যু হয়। সালেহার বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ওই দিনই ফুলবাড়ী থানায় সাইফুলকে আসামি করে হত্যা মামলা করেন।