দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগের নেতা তোফাজ্জল হোসেন (৩০) নিহত হয়েছেন। মাদক ও দাদন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের লোকজন তাঁকে খুন করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, মাদক আর দাদন ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ছয় মাসে তোফাজ্জলসহ দুজন খুন হন। তোফাজ্জলের খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে মো. আবদুল জলিল (৪৫) ও শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শাপলা হামলায় নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবক লীগের ১২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য জিল্লুর রহমানের স্ত্রী। এ ছাড়া সন্দেহভাজন আরও তিনজনকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তোফাজ্জল স্বেচ্ছাসেবক লীগের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আদালতে যাচ্ছিলেন। বাড়ির পাশে সেতু থেকে ১৫-২০ গজ যাওয়ার পরই স্থানীয় জিল্লুর রহমান, জলিলসহ ৮-১০ জন ছুরি, চায়নিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে। পরিবারের সদস্য ও এলাকাবাসী তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকেরা জানান, হাসপাতালে অস্ত্রোপচারকালে বেলা ১১টা ২০ মিনিটের দিকে তোফাজ্জলের মৃত্যু হয়। তাঁর মুখ, দুই হাত, দুই পাসহ শরীরে ধারালো অস্ত্রের অন্তত ২৫টি গভীর আঘাত ছিল।

জানা গেছে, এলাকার ষষ্ঠীতলা, পশ্চিম বালুয়াডাঙ্গা, বালুয়াডাঙ্গা, হঠাৎপাড়া, দপ্তরীপাড়াসহ এলাকায় প্রায় ৩০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে চলে মাদক ও দাদন ব্যবসা। এলাকায় রয়েছে নাম-পরিচয়হীন একাধিক বেসরকারি সংস্থা। এক হাজার টাকায় মাসে সুদ দিতে হয় ১৫০ টাকা। বস্তি এলাকার প্রতিটি পরিবার এসব সংস্থা থেকে ঋণ নিয়ে ফেনসিডিল, হেরোইন, গাঁজা, চোলাই মদসহ অন্যান্য মাদকের ব্যবসা করে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন নারী-পুরুষ জানান, দিনাজপুর রেলস্টেশন ও স্টেশনসংলগ্ন পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার জিল্লুর রহমান (৩০) ও তোফাজ্জল হোসেনের (৩০) মধ্যে বস্তি এলাকায় মাদক ও দাদন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ২ মার্চ জিল্লুরের পক্ষের সদস্য মাসুদ রানাকে (২৫) খুন করে তোফাজ্জলের লোকজন।

 মাসুদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, মাসুদ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মীর নাসির আলী মামলা করেন। ওই মামলায় তোফাজ্জলকেও আসামি করা হয়। আসামিরা উচ্চতর আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। জামিনের মেয়াদের শেষ দিন গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের দিনাজপুর আদালতে হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। ওই মামলায় হাজিরা দিতে গতকাল তিনি আদালতে যাওয়ার পথে খুন হন।