দিনাজপুরে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজের অফিস সহকারী নিহত ও এক শিক্ষক গুরুতর আহত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তাঁরা দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল মোড়ের নশিপুর এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। সদর উপজেলার নশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ এবং নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন।
গত শনিবার সকালে এ মহাসড়ক দিয়ে নশিপুর স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম ও কলেজের শিক্ষক মজিবর রহমান একটি মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী মজিবর রহমান গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট এ টি এম জিল্লুর রহমান বলেছেন, মজিবরের বাঁ পা কেটে ফেলতে হয়েছে।
ঘটনার প্রতিবাদে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মহাসড়কের ওই স্থানে গতিরোধক স্থাপন ও বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নশিপুর স্কুল অ্যান্ড কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. মতিউর রহমান, অধ্যক্ষ মো. গোলাম হোসেন, শিক্ষক আবদুস সাত্তার, প্রভাস চন্দ্র রায়, এনামুল হক সরকার, শিল্পী রানী সাহা, রেহেনা আক্তার বানু, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমুখ।
নশিপুর বিএডিসি পাটবীজ খামারের যুগ্ম পরিচালক মো. মোফাজ্জল হোসেন, বিএডিসি হিমাগারের উপপরিচালক উৎপল কুমার সাহা ও শ্রমিক লীগের খামার শাখার সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র শীলের নেতৃত্বে শ্রমিক-কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। পাটবীজ খামারটি নশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের বিপরীতে অবস্থিত।