দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩, আহত ১৫
দিনাজপুরে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চিরিরবন্দর উপজেলার বড়বাউল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিনেশ চন্দ্র রায় (৬০), তাঁর স্ত্রী শ্যামলতা রায় (৫৪) ও বিরল উপজেলার ধামইর ইউনিয়নের পিপল্ল্যা গ্রামের বাসিন্দা অটোবাইকের চালক আবদুল মতিন (৩০)।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. খালেকুজ্জামান বলেন, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষ্মীতলা মোড়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দিনেশের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দিনেশ ও শ্যামলতা নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই বাসের ১৫ জন যাত্রী আহত হন। বাসটি জব্দ করা হয়েছে।
বিরল থানা–পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে বিরল থেকে দিনাজপুর যাওয়ার পথে ধুকুরঝাড়ী-দিনাজপুর সড়কের দেওয়ানদীঘি এলাকায় চালবোঝাই একটি ট্রাক পেছন থেকে একটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোবাইকের চালক মতিন নিহত হন।
এ ব্যাপারে বিরল থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।