দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ঢেরাপাটিয়া নামক স্থানে একটি ধানবোঝাই ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন মোটরসাইকেলচালক বোচাগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের আবদুস সালামের ছেলে মোসাদ্দেক হোসেন (৩০) ও আরোহী বিরল উপজেলার নিজামপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (২৮)। আহত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার বনহারা গ্রামের হাছান আলীর ছেলে সিদ্দিকুর রহমান (২৮)। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ধানবোঝাই ট্রাক্টরটি ফুলবাড়ীহাট থেকে বিরল সদরের দিকে আসছিল।
বিরল থানার পরিদর্শক (তদন্ত) সরেশ চন্দ্র রায় বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর নিহত দুই যুবকের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। তবে ট্রাক্টরচালক পালিয়েছেন।