দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের দশমাইল এলাকায় আজ বুধবার একটি যাত্রীবাহী বাস উল্টে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন।
আজ বেলা পৌনে দুইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এসকে পরিবহনের বাসটি ওই মহাসড়ক দিয়ে দিনাজপুর শহর থেকে নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল। দশমাইলের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। হতাহত সবাইকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত এক নারী ও শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুমন কুন্ডু বলেন, মৃত্যুর আগে ওই নারী (৪০) তাঁর নাম বেবি বলে জানিয়ে গেছেন। দুর্ঘটনায় হতাহত আর কারও পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম।