দিনাজপুরে হঠাৎ র্যাবের লাঠিপেটা, প্রতিবাদে অবরোধ
র্যাব সদস্যরা গতকাল রোববার সকালে দিনাজপুর পৌরসভার সামনে স্থানীয় দোকানি, রিকশাচালক, পথচারীদের বেধড়ক লাঠিপেটা করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন শহরের একটি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। র্যাবের একটি গাড়িকে রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে র্যাব-১৩-এর সাদা রঙের একটি মাইক্রোবাস দিনাজপুর পৌরসভা মোড় দিয়ে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় একটি রিকশা সামনে এসে পড়ে। রিকশাটি রাস্তা ছেড়ে দিতে দেরি করায় র্যাবের গাড়ির চালক রিকশাটিকে ধাক্কা দেন। এতে রিকশার একটি চাকা বেঁকে যায়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে র্যাবের গাড়ির চালক নেমে লাঠি দিয়ে ওই রিকশাচালককে পেটান। স্থানীয় কয়েকজন রিকশাচালককে রক্ষা করতে এলে তাঁদেরও মারধর করেন তিনি।
একপর্যায়ে সেখানে আরও লোকজন জড়ো হন এবং তাঁরা র্যাবের গাড়ির চালককে আটক করেন।
দিনাজপুর পৌরসভার কাউন্সিলর রেহাতুল ইসলাম জানান, কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. রফিকুজ্জামান ঘটনাস্থলে এসে লোকজনকে শান্ত করেন। তিনি রিকশাচালককে ২০০ টাকা ক্ষতিপূরণও দেন।
দিনাজপুর রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, এ ঘটনার কিছু সময় পর ২০-২৫ জন র্যাব সদস্য এসে গাড়িচালকের দেখিয়ে দেওয়া মতো এলাকার দোকানদার, রিকশা ও ইজিবাইকচালক এমনকি পথচারীদেরও মারধর করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিৎকার করে দিগিবদিক ছুটতে থাকে।
শ্রমিকনেতা শরফুদ্দিন আহমেদ দাবি করেন, র্যাবের এলোপাতাড়ি লাঠির আঘাতে ৪০-৫০ জন আহত হয়েছেন।
দিনাজপুর জেলা হাসপাতাল সূত্র জানায়, আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, র্যাব সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় লোকজন দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে আদালতের প্রবেশদ্বার পর্যন্ত রাস্তায় চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পরে তিনি র্যাব ১৩-এর ক্যাম্প কর্মকর্তার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
জানতে চাইলে র্যাব ১৩-এর দিনাজপুর ক্যাম্প ইনচার্জ মীর মোদ্দাসের হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একজন ভ্যানচালক বারবার হর্ন দেওয়ার পরও র্যাবের গাড়িকে পথ ছেড়ে না দেওয়ার ঘটনা নিয়ে এর সূত্রপাত হয়েছে। তবে যা ঘটেছে তার জন্য তিনি নিজেও দুঃখ প্রকাশ করেন।