দিনাজপুরে হয়ে গেল মেয়েদের প্রোগ্রামিং ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অংশগ্রহণকারী, প্রশিক্ষক ও আয়োজকদের সঙ্গে দিনাজপুরের জেলা প্রশাসক। ছবি: সংগৃহীত
অংশগ্রহণকারী, প্রশিক্ষক ও আয়োজকদের সঙ্গে দিনাজপুরের জেলা প্রশাসক। ছবি: সংগৃহীত

স্কুল ও বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী আরিবা জাহিন পূর্ণ এবং সালমা খাতুনের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে বৃহস্পতিবার দিনাজপুরে শেষ হয়েছে মেয়েদের জন্য আয়োজিত ‘গ্রেস হপার গার্লস ক্যাম্প ফর প্রোগ্রামিং কনটেস্ট’। সমাপনী অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম মেয়েদের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও দিনাজপুর আইটি সলিউশন।
প্রোগ্রামিং কনটেস্টের জন্য প্রয়োজনীয় ডাইনামিক প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, গ্রাফ, নম্বর থিওরি, জ্যামিতি, অ্যাডহক প্রোগ্রামিং ইত্যাদি বিষয় নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রোগ্রামিংয়ে মেয়েদের আগ্রহী করে তোলার জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে দিনাজপুরের বিভিন্ন বিদ্যালয়, পলিটেকনিক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন মেয়ে অংশগ্রহণ করে।

‘প্রোগ্রামিং মানুষকে শেখায় কীভাবে চিন্তা করতে হয়। কীভাবে সঠিক চিন্তার মাধ্যমে যে কোনো সমস্যার সঠিক সমাধান করতে হয়। প্রোগ্রামিং শেখার মাধ্যমে আমার চিন্তার পরিসরকে আরও বাড়াতে পারব। ভবিষ্যতে দেশ ও পৃথিবীর জন্য কল্যাণকর কিছু করতে চাই বলেই প্রোগ্রামিং শিখছি। এ ক্যাম্পে অনেক নতুন কিছু শিখতে পেরেছি।’ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মাধুর্য দাস ঐশী এভাবেই ক্যাম্পে আসার কারণ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে হাইস্কুলের ছাত্রী আরিবা জাহিন পূর্ণ মনে করে ক্যাম্প থেকে যা শিখেছে তা যদি আয়ত্ত করতে পারে তাহলে প্রোগ্রামিংয়ে সে আরও এগিয়ে যেতে পারবে।

ক্যাম্প পরিচালনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শরীফ চৌধুরী, খাইরুল আলম রোফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিডিওএসএনের কর্মসূচি সমন্বয়ক আল-রাব্বি।

সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর আইটি সলিউশনের প্রধান নির্বাহী নাহিদা পারভিন। তিনি ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রামিং ক্যাম্প নিয়মিত আয়োজনের কথা জানান। এর আগে অংশগ্রহণকারীদের ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা জানান বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।

মেয়েদের মধ্যে প্রোগ্রামিংকে জনপ্রিয় করা ও তাদের প্রোগ্রামিং দক্ষতার উন্নয়নে বিডিওএসএন তাদের #মিসিংডটার কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন স্থানে এ প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করছে। আজ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় আয়োজিত অপর একটি ক্যাম্পের সমাপনী হবে।