দিনাজপুরে ১২ দফা দাবিতে মুঠোফোনে টাকা রিচার্জ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর টাকা রিচার্জ করার কার্যক্রম চার দিন ধরে বন্ধ রয়েছে। এ কাজে নিয়োজিত ব্যবসায়ীরা ১২ দফা দাবিতে এ সেবা বন্ধ রেখেছেন। এ ছাড়া দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য রিচার্জ কার্যক্রম বন্ধ রাখা হবে বলে তাঁরা ঘোষণা দিয়েছেন।মুঠোফোনের টাকা রিচার্জকারী ব্যবসায়ীদের সংগঠন ‘দিনাজপুর জেলা টেলিকমিউনিকেশন ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো তাঁদের এক হাজার টাকার বিপরীতে মাত্র ২৭ টাকা কমিশন দেওয়াসহ নানাভাবে বঞ্চিত করে আসছে।সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২ অক্টোবর থেকে সব ধরনের মুঠোফোন প্রতিষ্ঠানের টাকা রিচার্জের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ১২ দফা দাবিগুলোর মধ্য উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে রিচার্জের কমিশন ১০০ টাকায় ১০ টাকা করা, সর্বত্র রিচার্জ সিম দেওয়া বন্ধ করা, বিক্রি হওয়া সিমের কমিশন শর্ত ছাড়া আজীবন করা, নিবন্ধন ছাড়া কোনো দোকানে সিম ও কার্ড সরবরাহ বন্ধ করা, গ্রাহকসেবার স্থান (কাস্টমার সার্ভিস পয়েন্ট) বৃদ্ধি করা। এদিকে চার দিন ধরে রিচার্জ বন্ধ থাকায় হাজার হাজার মুঠোফোন ব্যবহারকারী বিপাকে পড়েছে।