দিনাজপুরে ১৩ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় দিনাজপুর সেক্টর সদরের ১৩ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহমাদ গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। পাঁচজনকে সর্বোচ্চ চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন নায়েক মো. শমশের আলম, ল্যান্স নায়েক মো. আবদুল ওহাব ও মো. মাহবুব আলম এবং সিপাই মো. আমিনুল ইসলাম ও মো. ইসলাম উদ্দিন। তিনজনকে দেওয়া হয়েছে তিন বছর করে কারাদণ্ড। তাঁরা হলেন নায়েক নিপুন কান্তি বাগচী, সিপাই মো. শহিদুল ইসলাম ও সিগনালম্যান রুবেল রানা। এ ছাড়া নায়েব সুবেদার হুমায়ুন কবির ও সিপাই আসাদুল ইসলামকে দুই বছর, সিপাই মো. মনিরুল ইসলামকে এক বছর ছয় মাস, হাবিলদার মো. মামুনার রশিদকে এক বছর এবং নায়েব সুবেদার (সিগন্যাল) মো. আবদুল মোতালেবকে চার মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।দিনাজপুরে সদর সেক্টরে বিদ্রোহের সঙ্গে জড়িত ১৩ জন জওয়ানের বিচার শুরু হয় গত ২৭ নভেম্বর। পরদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও গ্রেপ্তার করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। অভিযোগ গঠন করা হয় গত ১ ফেব্রুয়ারি। ১৩ আসামির মধ্যে ১১ জনই আদালতে দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা ও ক্ষমা প্রার্থনা করেন।আদালতকে সহ-যোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের কর্মকর্তা লে. কর্নেল মো. মাহ্ফুজ আলম, মেজর মুহাম্মদ মাসুদ উল আলম এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বজিৎ রায়।খুলনায় রায় ২ এপ্রিলখুলনার নিজস্ব প্রতিবেদক জানান, খুলনায় ২৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৫৯ জওয়ানকে গতকাল সকালে কড়া নিরাপত্তায় বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে হাজির করা হয়। গতকাল আরও সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এ মামলায় ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে প্রত্যেকে লিখিতভাবে তাঁদের বক্তব্য তুলে ধরেন। পরে আদালতের বিচারক বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আগামী ২ এপ্রিল রায়ের দিন ধার্য করেন।খাগড়াছড়িতে যুক্তিতর্ক খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড় ১১ ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় গতকাল যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে সকাল সোয়া ১০টায় কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। পরে আজ বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি রাখা হয়। রামগড় ১১ ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৯ জওয়ানের মধ্যে পাঁচজন এ পর্যন্ত দোষ স্বীকার করেছেন। এ মামলায় ৪২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।