দিনাজপুরে ৪৮ ঘন্টার বেকারি ধর্মঘট আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চতর আদালতের নির্দেশনা উপেক্ষা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেকারিগুলোকে অন্যায়ভাবে জেল-জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিনাজপুরের বেকারির মালিকেরা। প্রতিবাদে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টা বেকারিসামগ্রী উৎপাদন, বিপণন ও খুচরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
গতকাল রোববার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দিনাজপুর বেকারি মালিক সমিতির পক্ষে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ।
এতে বলা হয়, জেলা প্রশাসন চলতি বছরে ৫ আগস্ট অন্যায়ভাবে তুষার বেকারির মালিককে কারাদণ্ড দেয়। এর আগেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই প্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবসা ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা দোষ স্বীকার না করলেও জোর করে জরিমানা আদায় করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ী প্রতিনিধি রাখার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। এসব ব্যাপারে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া, মানববন্ধন পালন, চেম্বার নেতাদের সঙ্গে আলোচনা করেও কোনো সুফল পাওয়া যায়নি।
বাধ্য হয়ে দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির পক্ষ থেকে উচ্চতর আদালতে রিট করা হয়। আদালত খাদ্য বিশেষজ্ঞের উপস্থিতি ও পণ্যের ভেজাল নিশ্চিত হতে প্রয়োজনীয় যন্ত্র্রপাতি ছাড়া কোনো খাদ্যদ্রব্যকে ভেজাল আখ্যায়িত না করতে নির্দেশনা দেন।
একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—মর্মে রুলও জারি করেন আদালত। কিন্তু তার পরও জেলা প্রশাসন বেকারিতে হানা দিয়ে জেল-জরিমানা করেই চলেছে। এ অবস্থায় উচ্চতর আদালতের নির্দেশনা না মেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে তাৎক্ষণিকভাবে বেকারি মালিক সমিতির সদস্যদের অবস্থান ধর্মঘট পালন এবং জেলা প্রশাসনসহ সরকারি প্রতিষ্ঠানে বেকারিতে উৎপাদিত খাদ্যদ্রব্য সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে মালিক সমিতি।