দিনাজপুরে ৮৫টি এসিড-সন্ত্রাস, কারও সাজা হয়নি
দিনাজপুরে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৮৫টি এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৮ জন নারী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে দুটি ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে চারটি মামলা বিচারাধীন। বাকি মামলার আসামিরা খালাস পেয়েছে। জেলা এসিড মামলা মনিটরিং সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।দিনাজপুর আইজীবী সমিতির হিউম্যান রাইটস মনিটরিং সেলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মনে করেন, সঠিকভাবে অভিযোগপত্র দাখিল না করা, আসামিদের কাছে বাদীর নতি স্বীকার, মামলা চালাতে বাদীর অনীহাসহ নানা কারণে দিনাজপুরে এসিড সহিংসতার ঘটনায় কোনো আসামির সাজা হয়নি। এসিড সারভাইভারস ফাউন্ডেশন সূত্র জানায়, ২০০৩ সালে দিনাজপুরে দেশের সর্বাধিকসংখ্যক ২২টি এসিড সহিংসতার ঘটনা ঘটে। ২০০৪ সালে ২০টি, ২০০২ সালে ১৪টি, ২০০৫ সালে আটটি, ২০০৬ সালে ছয়টি, ২০০৭ সালে চারটি, ২০০৮ ও ২০০৯ সালে একটি করে এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটে।দিনাজপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি হামিদুল ইসলাম বলেন, অনেক মামলা মিথ্যা। পুলিশ ও বাদী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনির্দিষ্ট করতে পারে না। তা ছাড়া অনেক ক্ষেত্রে দুর্বল অভিযোগপত্রের কারণে অপরাধীরা সাজা পায় না। আর বেশির ভাগ ক্ষেত্রে মামলাগুলো দায়েরের প্রক্রিয়া সঠিক ছিল না।দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী আজাদী হাই বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে আজ পর্যন্ত একজন আসামিরও ফাঁসি হয়নি। কী কারণে এসিড নিক্ষেপকারীরা শাস্তি পাচ্ছে না, তা খুঁজে বের করা জরুরি। সমাজ থেকে এই সন্ত্রাস নির্মূল করতে প্রয়োজন পুলিশ, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার প্রতিশ্রুতি।রূপজানের বাসা বোচাগঞ্জ পৌর এলাকার বালাপুকুরে। বাবা গফুর মিঞা দিনমজুর। মা ফুলমতিসহ সাত ভাই মিলে নয় সদস্যের সংসারে একা বাবার আয় দিয়ে চলত না। সবার বড় রূপজান বাধ্য হয় মাত্র ১৫ বছর বয়সে একটি মিলের চাতালে কাজ নিতে। চাতালে কাজ করতেন শাহজাহান নামের এক তরুণ। তাঁর বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। রূপজানের সঙ্গে তাঁর সখ্যের একপর্যায়ে বিয়ে করেন দুজনে।কিন্তু রূপজানের আয়ের অর্থ বাবার পরিবারে ব্যয় করায় বাদ সাধেন তাঁর স্বামী। এক বছরের মাথায় ১৯৯৮ সালের ৯ এপ্রিল নিজের ঘরে রূপজানের মুখে এসিড ছুড়ে পালিয়ে যান শাহজাহান। এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সহায়তায় চিকিৎসার পর প্রাণে বেঁচে গেলেও চেহারা বিকৃত হয়ে যায় তাঁর। এ ঘটনায় রূপজানের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেন। দেলোয়ার হোসেন জানান, মামলা করার পর টাকার অভাবে তিনি আর আদালতে যাননি। আদালত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাদী ও সাক্ষীদের অনুপস্থিতির কারণে ১৩ বছর পর চলতি বছরের ১৩ জানুয়ারি আদালত মামলা থেকে আসামিকে খালাস দেন।বেসরকারি সংস্থা আরডিআরএস দিনাজপুর কার্যালয়ের এসিড সহিংসতার কারণ ও সামাজিক প্রভাব চিহ্নিতকরণ প্রকল্পের (এসিইএ) গবেষণা থেকে জানা গেছে, এসিড সহিংসতার শিকার প্রতিটি পরিবারের মধ্যে দুটি প্রধান কষ্ট রয়েছে। একটি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়া এবং অন্যটি বিচার না পাওয়ার কষ্ট।পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, এসিড-সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক সাজা হোক, পুলিশ অবশ্যই এটা চায়। অতীতে জেলায় এসিড সহিংসতার কারণে যে মামলাগুলো হয়েছিল, এর মধ্যে কয়েকটি মামলা বিচারাধীন। বাকি সব মামলা নিষ্পত্তি হয়ে গেছে।তাঞ্জিলুর রহমান আরও বলেন, বৈধ লাইসেন্স ছাড়া যেন কোনোভাবেই এসিড বিক্রি না হয়, কোনোভাবেই যেন কোনো দুষ্ট লোককে এসিড বিক্রির লাইসেন্স না দেওয়া হয়, এ ব্যাপারে দায়িত্বশীল থাকতে প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া আছে।জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘এসিড নিক্ষেপের সঙ্গে জড়িত একটি ঘটনার আসামিও যদি দৃষ্টান্তমূলক সাজা পেত, তাহলে এসিড-সন্ত্রাস প্রতিরোধ করা অনেক বেশি সহজ হতো। তবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো মিলিতভাবে এসিড সহিংসতা প্রতিরোধে বছরজুড়ে যেভাবে সামাজিক সচেতনতামূলক কাজ করছে, তাতে দিনাজপুরে এসিড সহিংসতা নির্মূল করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।’