দিনাজপুরে 'অপহৃত' স্কুলছাত্র উত্তরায় মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর থেকে ‘অপহৃত’ স্কুলছাত্র কাওফিল ওয়ারা আবিরকে (১২) গত শনিবার ঢাকার উত্তরার মধ্য কাওলা থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আবির গতকাল রোববার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় জানায়, গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে মুদিপাড়ায় একজন শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়৷ এর আগে সে তার মায়ের ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নেয়৷
আবির আরও জানায়, ওই শিক্ষিকার ছোট ভাই আরিফুর রহমান (২৬) দুই দিন আগে তাকে একটি মুঠোফোন দেন৷ বৃহস্পতিবার তিনি আবিরের কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন৷ আরিফুরের পরামর্শেই রাতে আবির দিনাজপুর রেলস্টেশনে যায়৷ সেখানে এক ‘ভাইয়া’ তাকে নিয়ে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেসে ওঠেন৷ পরদিন সকালে ঢাকা বিমানবন্দর স্টেশনে নামিয়ে দিয়ে ওই ভাইয়া উধাও হয়ে যান৷
আবির আরও জানায়, স্টেশন থেকে শুভ ও সম্রাট নামের অন্য দুজন তাকে উত্তরার মধ্য কাওলা এলাকার একটি বাসায় নিয়ে যান৷ পরদিন শনিবার সকালে মায়ের কাছে মুঠোফোনে কথা বলে নিজের অবস্থান জানায় আবির৷ পরে ওই দুজন তাকে বাসা থেকে বিমানবন্দর স্টেশনের পাশে এক মসজিদের কাছে ছেড়ে যান৷ সেখানে থেকে তার এক ফুফু তাকে উদ্ধার করেন৷
জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হিপজুর রহমান প্রথম আলোকে বলেন, মূল পরিকল্পনাকারী আরিফুরকে গ্রেপ্তার করায় অপহরণের পরিকল্পনা ভেস্তে যায়৷ এ কারণে অপহরণকারীরা আবিরকে ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর পরও পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে৷ আবির স্বেচ্ছায় বাড়ি থেকে ঢাকায় গিয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে৷