দিনাজপুর থেকে ‘অপহৃত’ স্কুলছাত্র কাওফিল ওয়ারা আবিরকে (১২) গত শনিবার ঢাকার উত্তরার মধ্য কাওলা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে নিখোঁজের সাত দিনেও উদ্ধার হয়নি ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের নেতা কলেজছাত্র ইলিয়াস হোসেন৷ গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি৷ পরিবারের আশঙ্কা, তাকে গুম করা হয়েছে৷
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হিপজুর রহমান প্রথম আলোকে বলেন, মূল পরিকল্পনাকারী আরিফুরকে গ্রেপ্তার করায় অপহরণের পরিকল্পনা ভেস্তে যায়৷ এ কারণে অপহরণকারীরা আবিরকে ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর পরও পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে৷
এদিকে ঝিনাইদহের সদর থানা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সরকারি কেসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইলিয়াস ২৬ মে সন্ধ্যায় শহর থেকে বেড়বাড়ি গ্রামে নিজ বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি৷ পরিবারের সদস্যদের আশঙ্কা, ইলিয়াসকে (২০) গুম করা হয়েছে৷ ঘটনার চার দিন পর স্থানীয় রাজাপুর গ্রামের একটি বাগান থেকে তাঁর ব্যবহৃত বাইসাইকেল, দুটি মুঠোফোন ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে৷
সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, এ ঘটনায় গত শুক্রবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷ ইলিয়াসকে উদ্ধারের চেষ্টা চলছে৷