দিনাজপুরের অভ্যন্তরীণ সব সড়কে বাস চলাচল বন্ধ
দিনাজপুরের অভ্যন্তরীণ সব সড়কে গতকাল মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দিনাজপুর সরকারি কলেজের ছাত্ররা সড়ক অবরোধ করায় বাসশ্রমিকেরা পাল্টা উদ্যোগ হিসেবে বাস চলাচল বন্ধ করে দেয়।বর্ধিত বাসভাড়া আদায়কে কেন্দ্র করে বাসশ্রমিকেরা দিনাজপুর সরকারি কলেজের তিন ছাত্রকে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে অবরোধ সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত শ্রমিকদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ অব্যাহত রাখা হয়েছে। সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ আলী জানান, ইংরেজি স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের আজ শেষ পরীক্ষা ছিল। সরকারি কলেজের শিক্ষার্থীদের সিট মহিলা কলেজে পড়েছে। বেলা একটায় পরীক্ষা শেষ করে তাঁদের কলেজের তিনজন ছাত্র দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে বাসে ওঠেন। এ সময় বাস কন্ডাক্টর (বাসশ্রমিক) সেখান থেকে টার্মিনাল পর্যন্ত এক কিলোমিটার পথের ভাড়া বাবদ প্রত্যেকের কাছে পাঁচ টাকা হিসাবে ১৫ টাকা দাবি করেন। ছাত্ররা প্রথমে ১২ টাকা এবং পরে ১৫ টাকাই দেন। কিন্তু তর্ক করায় শ্রমিকেরা বাস টার্মিনালে এসে ওই তিন ছাত্রকে বেদম মারধর করেন।দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক ছাত্রদের মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন। দিনাজপুর মোটর মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা বলেন, প্রতি কিলোমিটার পথের ভাড়া এক টাকা ২০ পয়সা। শ্রমিকেরা বেশি ভাড়া আদায় করে থাকলে ছাত্ররা বাস মালিক সমিতিতে অভিযোগ করতে পারতেন।